মুরগির কবাবে পাঁচফোড়নের ‘টুইস্ট’! চটজলদি বানিয়ে ফেলতে পারেন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক

বাজারের তেলেভাজা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। বাড়িতেই তাই বানিয়ে ফেলতে পারেন মনের মতো স্ন্যাক্‌স। আড্ডার আসর জমাতে বানিয়ে ফেলুন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক। রইল রেসিপি।

বর্ষার মরসুমে সন্ধ্যাবেলায় ভাজাভুজি খেতে কমবেশি সকলেই ভালবাসেন। একটা বৃষ্টিভেজা বিকেল, সামনে পছন্দের খাবার আর বাড়িতে বন্ধুবান্ধবের সমাগম— হলে আর কী চাই! তবে বাজারের তেলেভাজা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মনের মতো স্ন্যাক্‌স। আড্ডার আসর জমাতে বানিয়ে ফেলুন মুর্শিদাবাদি চিকেন স্যাসলিক। রইল রেসিপি।

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস ( বড় টুকরো করে কাটা)

আধ কাপ টক দই

২টি পেঁয়াজ

১ টুকরো আদা (২ ইঞ্চি মাপের)

৭-৮ কোয়া রসুন

৭-৮টি কাঁচালঙ্কা

১ কাপ ধনেপাতা

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ আমচুর পাউডার

১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো

১ চা চামচ মাখন

১ টুকরো কাঠকয়লা

১ চা চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী:

পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি বড় বাটিতে প্রথমে ফেটানো টক দই দিন। তাতে বেটে রাখা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনেগুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আমচুর, নুন আর সর্ষের তেল মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে মাংসের টুকরোগুলি ভাল করে মেখে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। তার পর মাংসের টুকরোগুলি কবাব স্টিকে গেঁথে নিন। এ বার ফ্রায়িং প্যানে মাখন গরম করে কবাবগুলি হালকা করে ভেজে নিন। কবাবগুলি একটি বাটিতে রেখে ছোট একটি বাটিতে কাঠকয়লা গরম করুন। বড় বাটির মধ্যে ছোট বাটিটা রেখে তার উপরে ঘি দিয়ে চাপা দিন। রান্না করা মাংসের টুকরোর সঙ্গে কাঠকয়লার বাটি এ ভাবে অন্তত আধ ঘণ্টা রাখুন। কাসুন্দি আর মেয়োনিজের মিশ্রণের সঙ্গে পরিবেশন করুন মুর্শিদাবাদি মুরগি ভাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *